রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে চাচা-ভাতিজা আহত

ঢামেকে চিকিৎসাধীন (বাঁ থেকে) সামছুল হক ও আলামিনরাজধানীর মোহাম্মদবাগের কদমতলীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন দুই ব্যক্তি। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। দুজনই এখন ঢাকা মেডিক্যাল হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা গুরুতর।

জানা গেছে, চাচা সামছুল হকের (৬২) বুকের বাঁ-পাশে এবং ভাতিজা আলামিনের (১৮) দুই পায়ে গুলি লেগেছে। শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সামছুল হকের বাসার পাশে এ ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি চার অজ্ঞাত হামলাকারী এসে দুই জনকে গুলি করেছে। বিস্তারিত জানতে আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছি।’

আহতদের দাবি, কদমতলীর চিহ্নিত মাদক ব্যবসায়ী বিল্লালের ছোট ভাই ইমরানের নেতৃত্বে চার দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। ক’দিন আগে রাস্তার পাশে মাদক বিক্রি করতে সামছুল হক ও আলামিনের বারণ করায় তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে বিল্লাল। এরই জেরে তারা গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

/আরজে/এমএ/জেএইচ/