রাজধানীর মিরপুরের কুর্মিটোলা ক্যাম্পে তিনশিশু যৌন নিপীড়নের শিকার বলে প্রমাণ মিলেছে। জমজ বোনসহ এই তিন শিশুর ফরেনসিক টেস্ট শেষে রবিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) ডাক্তার মোছা. আফরোজা এ তথ্য জানিয়েছেন।
এই তিন শিশুকে গত ৩ ফেব্রুয়ারি মারাত্মক আহত অবস্থায় ওসিসিতে আনা হয়। ঘটনার দিন থেকে তারা ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রয়েছে।
চিকিৎসক মোছা. আফরোজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে তিন শিশুর ফরেনসিক টেস্ট সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে তাদের ওপর যৌন নিপীড়নের আলামত পাওয়া গেছে। সম্পূর্ণ প্রতিবেদন আসার পর বিস্তারিত বলা যাবে। এদিকে, এ ঘটনায় শিশুদের বাবা দাবি করেন, থানায় অভিযোগ করা হলেও সেখান থেকে কোনও কপি তাদেরকে দেওয়া হয়নি। এদিকে ওসিসি থেকে বারবার অভিযোগের কপি চাওয়া হচ্ছে। তিনি আরও বলেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন, তার এক মেয়ের শারীরীক অবস্থা খারাপ। আজকে টেস্ট করানো হয়েছে।
ওসিসিতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, একজনের অবস্থা ভয়াবহ। শিশুদের এভাবে নির্যাতনের পরিমাণ বাড়ছে। তিনি বলেন, শিশুদের জ্ঞান আছে, শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তাদের মামলাটি তদারকিতে ওসিসি ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের অভিভাবক পল্লবী থানায় গিয়ে মামলা করেছেন।
এদিকে মামলার আসামি ইকবালকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ফরেনসিক টেস্ট হয়েছে কিনা জানি না। তবে রিপোর্ট হাতে পেলেই মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে। আসামি এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ২ ফেব্রুয়ারি চটপটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জমজ বোনসহ তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠে স্থানীয় চটপটি বিক্রেতা ইকবালের বিরুদ্ধে। রাতে পল্লবী থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করার পর শুক্রবার তিন শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
/এআইবি/আরজে/ইউআই/টিএন/