নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা ও জেএমবির (মূলধারার) একাংশের আমির মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুরকে ফের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন।
এর আগে গত ৩ মার্চ আবুল কাশেমের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক জাহাঙ্গীর আলম সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রাজধানীর কল্যাণপুরে ছয়তলা ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি আস্তানা ও নয় জঙ্গি নিহতের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় আবুল কাশেমকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
২ মার্চ রাতে রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকার একটি দোকানের বিকাশ নম্বরে এক ভক্তের পাঠানো টাকা নিতে এলে আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ। গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলাসহ বেশ কয়েকটি নাশকতা চালানোর অনুমোদন দিয়েছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেন তিনি।
/এসআইটি/এমএ/