সেনানিবাস এলাকা থেকে অপহৃত তরুণ এএসএম রওনাকুর সালেহীন শুভকে (১৮) রাজধানীর ধানমন্ডি থেকে উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির ৪ নম্বর রোডে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে র্যাব-১।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধুরিতা ভবনের ১১ ডি নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন শুভ। শুক্রবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা সেনানিবাস এলাকা থেকে অপহৃত হন তিনি। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়।
বিষয়টি পরিবারের পক্ষ থেকে র্যাবকে জানানো হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, শুভ ধানমন্ডির ৪ নম্বর রোড এলাকায় রয়েছেন। সন্ধ্যার মধ্যেই র্যাব ওই এলাকায় উপস্থিতি বাড়ায়। অপহরণকারীরা টের পেয়ে শুভকে ওই রোডের মাথায় ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শুভর বিস্তারিত পরিচয় দেয়া হয়নি।
/জেইউ/এমএ