ঢাবি’র লোগো ব্যবহারের খবরে টিএসসিতে বিক্ষোভ-ভাঙচুর

ভাঙচুরবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহারের গুজবে টিএসসি এলাকায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি অনলাইন নিউজ পোর্টালে খবর বেরিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করতে যাচ্ছে। এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী টিএসসির রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে ও কয়েকটি যানবাহন ভাঙচুর করে।’
খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এসময় ওই সড়কে আধাঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল বলে জানান আবুল হাসান।
জানা গেছে, ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। শনিবার (১১ মার্চ) হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, এসব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোও ব্যবহার করবে। এর প্রতিবাদেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে টিএসসিতে বিক্ষোভ করে।
/জেইউ/টিআর/