রাজধানীতে ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে নিহত ১

ঢামেক হাসপাতালে (বাঁ থেকে) প্রকৌশলী পলাশ ও পথচারী নুরুন্নবীরাজধানীর মালিবাগে রেলগেট সংলগ্ন ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে তুলতে গিয়ে নিচে ছিটকে পড়ায় স্বপন নামে এক পথচারী (৪৩) নিহত হয়েছেন। পা হারিয়েছেন এক প্রকৌশলী ও আরেক পথচারী। রবিবার দিবাগত রাতে নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটেছে। আহত দু’জন এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতদের মধ্যে একজন তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ। অন্য পথচারীর নাম নুরুন্নবী (৪০)। দুর্ঘটনার সময় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন প্রকৌশলী পলাশ। আর উৎসুক দৃষ্টিতে নির্মাণকাজ দেখছিলেন পথচারী দু’জন। ঘটনাস্থলে আছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের সদস্যরা গার্ডার সরানোর কাজ করছেন।
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরাতমা কনস্ট্রাকশনের কর্মচারী রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ফ্লাইওভারের ওপর ক্রেন দিয়ে নিচ থেকে একটি গার্ডার ওঠানো হচ্ছিল রবিবার দিবাগত রাত সোয়া ২টায়। হঠাৎ সেটা ছিটকে নিচে পড়লে এ দুর্ঘটনা ঘটে। তখন তিনজনেরই পায়ের হাঁটুর নিচে কাটা পড়ে। প্রকৌশলী পলাশ বাঁ-পা, নুরুন্নবী ডান পা ও অজ্ঞাত পথচারী বাঁ-পা হারিয়েছেন। রাত ৩টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয় ঢামেক হাসপাতালে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরাঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনজনেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হতাহতের সংখ্যা আরও আছে কিনা তা আপাতত জানা নেই। আমরা খোঁজ নিচ্ছি।’

/আরজে/জেএইচ/