সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তলব

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকপ্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে কটূক্তি করার মানহানি মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তলব করেছেন বিচারক। ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে ঢাকা মেট্রোবার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আইনজীবী আরফান উদ্দিন খান একটি নালিশি মামলা দায়ের করেন। ওই মামলায় আইনজীবীর জবানবন্দি গ্রহণ শেষে আগামী ২৫ মে’র মধ্যে সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত। আইনজীবী ও মামলার বাদী আরফান উদ্দিন খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আর্জিতে বলা হয়, গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের একটি টক শো’তে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ওই টক শো’তে তিনি প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। মন্তব্যে সাবেক বিচারপতি বলেন, ‘আপনি (এস কে সিনহা) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ১৯৭১ সালের শান্তি কমিটির আত্মস্বীকৃত একজন সদস্য, একজন স্বাধীনতাবিরোধী এবং একজন রাজাকার।’ তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মমলাটি দায়ের করেন আরফান উদ্দিন খান।
/এসআইটি/টিআর/