শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় র্যাবের গোয়েন্দা প্রধানকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়।
র্যাবের একজন কর্মকর্তা জানান, রাত ৮টার কিছু সময় পরে সিঙ্গাপুর থেকে তাকে দেশে আনা হয়েছে। বর্তমানে তিনি সিএমএইচে ভর্তি আছেন।
এরআগে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, ‘চিকিৎসকদের পরামর্শক্রমে আজ (বুধবার) রাতে তাকে ফিরিয়ে এনে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হবে।’
উল্লেখ্য,গত ২৫ মার্চ সন্ধ্যায় সিলেটের পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন রাতেই তাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ২৬ মার্চ রাত ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।
প্রসঙ্গত, শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান নিয়ে ২৫ মার্চ সন্ধ্যায় সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের স্থলের অদূরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। এছাড়াও বোমার স্প্লিন্টারের আঘাতে আরও ৫০ জন আহত হন।
/আরজে/এপিএইচ/