এরশাদের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলে দুদক পক্ষভুক্ত

এইচ এম এরশাদবিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলে পক্ষভুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার আপিলে পক্ষভুক্ত হতে দুদকের করা আবেদন মঞ্জুর করেন বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ।
একইসঙ্গে দুর্নীতির মামলায় তিন বছর সাজার বিরুদ্ধে করা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আপিল এবং সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল ও দুদকের আপিল শুনানির জন্য ৩ এপ্রিল নির্ধারণ করেন আদালত।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এরশাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান।
এরশাদের আপিলের রায় ঘোষণার জন্য ২৩ মার্চ তারিখ নির্ধারিত থাকলেও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা না করায়, ২৭ মার্চ এরশাদের দুর্নীতি মামলার আপিল শুনানির জন্য নতুন বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি।
রায় ঘোষণার আগে মামলার নথিপত্র দেখে আদালত বলেন, ‘এরশাদের আপিল ছাড়াও সরকারের আরও দুটি আপিল বিচারাধীন রয়েছে।ওই দুটি আপিলে সরকার এরশাদের সাজা বৃদ্ধির আবেদন জানিয়েছে। এ অবস্থায় নিম্ন আদালতের সাজার রায় বাতিলের জন্য এরশাদ যে আবেদন করেছেন, সেটির ওপর রায় ঘোষণা করলে তা যুক্তিসঙ্গত হবে না। অতএব ন্যায়বিচারের স্বার্থে তিনটি আপিলের ওপর একসঙ্গে শুনানি করে রায় দেওয়াটা হবে যুক্তিযুক্ত। এই বিবেচনায় তিনটি আপিলের ওপর প্রয়োজনীয় আদেশের জন্য নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলো।’

/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: ইসলামি দলগুলো নিয়ে মহাজোট গঠন করা হবে: এরশাদ