মার্চে সীমান্তে ৯৮ কোটি টাকার চোরাচালান-মাদকদ্রব্য জব্দ

 

বিজিবিবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৯৮ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে।
সোমবার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক মেইল বার্তায় এই তথ্য জানানো হয়।
}ওই বার্তায় বলা হয়, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১৫ লাখ ২ হাজার ১শ ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট,২৭ হাজার ১শ ৫১ বোতল ফেন্সিডিল,১ হাজার ৪শ ৩৪ কেজি গাঁজা,২৫ হাজার ৩শ ৫০ বোতল বিদেশি মদ,৪ কেজি ৩৩১ গ্রাম হেরোইন,১৩ হাজার ৬শ ৮৩টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১৭ লাখ ১৭ হাজার ৭শ ১৫ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট। এছাড়া আটক করা অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৫শ ৫৯টি শাড়ি,৩ হাজার ৩শ ৭৫টি থ্রিপিস/শার্টপিস,১ হাজার ৬শ ৯৩ মিটার থান কাপড়, ২০৩টি তৈরি পোশাক,৪৩ হাজার ৪শ ৪৫ সিএফটি কাঠ,৩ কেজি ২শ গ্রাম স্বর্ণ এবং ১টি তক্ষক। মার্চ মাসে বিজিবি’র অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল,৬টি বন্দুক,৩৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ১টি মর্টার শেল এবং ১টি হাত বোমা।
মার্চ মাসে বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪১ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর ১১ জনকে বিএসএফ-এর কাছে হস্তান্তর ও দুজনকে থানায় সোপর্দ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৩শ ৭৯ জন মিয়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি হতে মার্চ মাস পর্যন্ত বিজিবি ৩২৯ কোটি ৩১ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে বিজিবি।

/এআরআর/  এপিএইচ/