জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মসজিদে নববির খতিবের

মসজিদে নববির খতিবজঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম। শুক্রবার (৭ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার নামাজের খুতবায় তিনি এ আহ্বান করেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। 

জুমার নামাজের খুতবায় মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম বলেন,‘ইসলাম শান্তির ধর্ম। মুসলমানদের এই শান্তির বার্তা সর্বত্র পৌঁছে দিতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বের  মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জুমার নামাজের খুতবায় মসজিদে নববির ইমাম ও খতিব বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন। বাংলাদেশে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিমের ইমামতিতে বায়তুল মোকাররম মসজিদে প্রায় ৫০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। মসজিদের অষ্টম তলা পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিদের উপস্থিতিতে।

এছাড়া মসজিদের ভেতরে জায়গা না পেয়ে গেট ও বাইরের সড়কেও নামাজে অংশ নেন মুসল্লিরা। রাজধানী ছাড়াও আশপাশের এলাকা থেকে মসজিদুন নববির ইমামের পেছনে জুমার নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। জুমার নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বায়তুল মোকাররম ও আশপা‌শের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হ‌য়। মসজিদের সব গেটে আর্চার টাওয়ার (আর্চও‌য়ে) বসানো হ‌য়। মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশি ক‌রে মস‌জি‌দের ভেত‌রে প্রবেশ করা‌নো হয়। 
/সিএ/ এপিএইচ/