ভারতের সঙ্গে চুক্তি করে গোলামীর বৃত্তে বাংলাদেশ: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমভারতের সঙ্গে সামরিক সমঝোতা হলে চিরদিনের জন্য দেশটির গোলামী করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রবিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, ‘সামরিক সমঝোতা হওয়ায় চিরদিনের জন্য ভারতের গোলামী করতে হবে বাংলাদেশকে। রাষ্ট্রবিরোধী চুক্তি করে অতীতে কেউ রক্ষা পায়নি, বর্তমান সরকারও রেহাই পাবে না। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সঙ্গে যা ইচ্ছা তা করছে। জনগণের আবেগবিরোধী কাজ করে আখের রক্ষা করতে পারবে না এ সরকার।’
ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কারণে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে মন্তব্য করে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ‘ভারত কৌশলে বাংলাদেশ থেকে সব নিয়ে যাচ্ছে, কিন্তু বিনিময়ে তারা কিছুই দিচ্ছে না। ৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টনের ন্যায্যহিস্যা তো দূরে থাক, এসব নদীর উজানে একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত। অন্যদিকে বাংলাদেশ অংশে এই নদীগুলো মরা খালে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান বেশি প্রয়োজন ছিল।’

/সিএ/জেএইচ/