দুই তরুণী ধর্ষণ মামলায় বনানী থানা পুলিশের অনিয়ম পেয়েছে কমিটি

রেইনট্রি হোটেল পরিদর্শন শেষে বেরিয়ে আসছেন মামলার প্রথম তদন্ত কর্মকর্তারেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের বিষয়ে বনানী থানা পুলিশের কর্তব্য পালনে কোনও গাফিলতি রয়েছে কিনা জানতে গঠিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটির রিপোর্ট আজ রবিবার জমা দেওয়ার কথা ছিল। তদন্তের কাজ শেষ করতে না পারায় কমিটি আরও তিন দিন সময় নিয়েছে। তবে মামলা দায়েরের ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসঙ্গতি তাদের নজরে এসেছে। তদন্ত কমিটির প্রধান ডিএমপির এডিশনাল কমিশনার মিজানুর রহমান আজ (২১ মে) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসঙ্গতি কমিটির নজরে এসেছে। এসব অনিয়ম ও অসঙ্গতির সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার শাস্তির সুপারিশ করা হবে।’

গত ১২ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এ ডিএমপির যুগ্মকমিশনার কৃষ্ণপদ রায় জানান, এডিশনাল কমিশনার মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- ডিএমপির যুগ্মকমিশনার (ডিবি) আবদুল বাতেন ও যুগ্মকমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়।
এদিকে চার সদস্যের একটি তদন্ত সহায়ক কমিটির প্রধান করা হয়েছে যুগ্মকমিশনার কৃষ্ণপদ রায়কে। এই কমিটির সদস্যরা হলেন- ডিসি (ডিবি নর্থ) শেখ নাজমুল আলম, ডিসি (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ) ফরিদা ইয়াসমিন, ডিসি (গুলশান) মুস্তাক আহমেদ।

/এসএমএন/ইউআই/ এপিএইচ/