মওদুদের বাড়ি ছাড়া ও মামলা বাতিলের রিভিউ রায় ৪ জুন

মওদুদ আহমেদবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ির মালিকানা নিয়ে দুদকের করা মামলায় উভয়পক্ষের রিভিউ শুনানি শেষ হয়েছে। আজ বুধবার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আগামী ৪ জুন রায়ের দিন ঠিক করেন।
আদালতে মামলার বিবাদী ব্যারিস্টার মওদুদ আহমেদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আইনজীবী কামরুল হক সিদ্দিকী, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ।
আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, এই মামলার শুনানি শেষ হয়েছে। আদালত রায়ের জন্য আগামী ৪ জুন দিন ধার্য করেছেন।
গত বছরের ২ আগস্ট রাজধানীর গুলশানের একটি বাড়ি বিএনপির স্থায়ী কমিটির  সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ তার ভাই মঞ্জুর আহমেদের নামে মিউটেশন করার জন্য দেওয়া হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে এই বাড়ি নিয়ে মওদুদ আহমেদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাটিও বাতিল করে দেন আদালত।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, মিউটেশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল হওয়ায় বাড়িটি আর তাদের দখলে থাকছে না।
এক আবেদনের শুনানি নিয়ে ২০১০ সালের ১২ আগস্ট ওই বাড়িটি মনজুর আহমদের নামে মিউটেশন করার জন্য হাইকোর্ট রায় দেয়। রাজউক এ রায়ের বিরুদ্ধে ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি লিভ টু আপিল দায়ের করে। ২০১৪ সালের ৯ মার্চ আপিল বিভাগ রাজউককে আপিলের অনুমতি দেয়।
২০১৩ সালের ১৭ ডিসেম্বর বাড়িটি নিয়ে দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ রাজধানীর গুলশান থানায় মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অবৈধভাবে বাড়িদখল ও আত্মসাতের অভিযোগ আনা হয়। ২০১৪ সালের ১৪ জুন এ মামলায় অভিযোগ আমলে নেয় বিচারিক আদালত। এ আদেশের বিরুদ্ধে ব্যারিস্টার মওদুদ আহমদ হাইকোর্টে আবেদন করেন। ২০১৫ সালের ২৩ জুন দুর্নীতি মামলায় অভিযোগ আমলে নিয়ে বিশেষ জজ আদালতের আদেশ বৈধ বলে রায় দেন হাইকোর্ট।

/এমটি/ইউআই/টিএন/

আরও পড়ুন: 

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ইমরান এইচ সরকারকে আদালতে তলব