জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আংশিক পুনঃতদন্তের শুনানি ৫ জুন

হাইকোর্টজিয়া অরফানেজ ট্রাস্ট মামলার একাংশের পুনঃতদন্ত চেয়ে খালেদা জিয়ার করা আপিলের শুনানির জন্য আগামী ৫ জুন দিন নির্ধারণ করেছেন চেম্বার আদালত।  হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শেষে আজ বুধবার  চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।

গত ৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার একাংশের পুনঃতদন্ত চেয়ে করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। রাজধানীর বকশী বাজারে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচার চলছে।

এরআগে গত ৭ মার্চ এ মামলার একাংশের পুনঃতদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বিচারিক আদালতে একই আবেদন করা হলে, তা খারিজ করে দেওয়ায় হাইকোর্টে আবেদন করেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।

তাদের যুক্তি, সৌদি আরব থেকে ট্রাস্টের নামে টাকা এসেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করলেও সৌদি থেকে কোনও অর্থ আসেনি। বরং অর্থের উৎস হচ্ছে কুয়েত। গত ২ ফেব্রুয়ারি সেই আবেদনও খারিজ করে দেন আদালত।

এ মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ছয় জন। অন্য পাঁচ জন আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান,মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এর মধ্যে ড.কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

/এমটি/ইউআই  /এপিএইচ/