ঘুষসহ গ্রেফতার হওয়া সহকারী শিক্ষা পরিদর্শক কারাগারে

আদালতদুই লাখ টাকা ঘুষসহ গ্রেফতার সহকারী শিক্ষা পরিদর্শক মোস্তাফিজুর রহমানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩১ মে) ঢাকা মহানগর হাকিম দেলোয়ার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নূর-ই-আলম আসামি মোস্তাফিজুর রহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিনের আবেদন করেন। 

মঙ্গলবার (৩০ মে) বিকেলে রাজধানীর পল্টনের পলওয়েল মার্কেট এলাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের ওই কর্মকর্তাকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করে দুদকের একটি বিশেষ টিম।

এজাহারে বলা হয়, মোস্তাফিজুর রহমান পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শন প্রতিবেদন শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়ার কথা বলে কর্তৃপক্ষের কাছ থেকে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করেন। পরবর্তীতে প্রথম কিস্তি বাবদ দুই লাখ টাকা রাজধানীর পলওয়েল মার্কেটের সামনে এসে নেওয়ার সময় দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টিম মোস্তাফিজুর রহমানকে ঘুষের টাকাসহ গ্রেফতার করে।

/এসআইটি/ইউআই/এসএমএ/

আরও পড়ুন

ঘুষ নেওয়ার সময় সহকারী শিক্ষা পরিদর্শক হাতেনাতে গ্রেফতার

উপসচিব মিজানুর রহমানের জামিন নামঞ্জুর