রাজধানীর বনশ্রী এলাকা থেকে এনএসআইয়ের ডিজি পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে। তার নাম আনোয়ার পাশা (২৮)। র্যাব-৩ এর একটি অভিযানিক দল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুর দুইটায় রাজধানীর কাওরান বাজারে অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।
তিনি জানান, খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার ৫/৩ নম্বর রোডের ৮৬ নম্বর বাসাটির ৫ম তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার পাশা কখনও নিজেকে এনএসআইএর ডিজি বা তার স্টাফ অফিসার, আবার কখনও র্যাবের ডিজি পরিচয় দিত আবার কখনও কখনও প্রধানমন্ত্রীর দফতর থেকে গঠিত অনুসন্ধান কমিটির সদস্য হিসেবেও নিজেকে পরিচয় দিত। তিনি জানান, এসব ভুয়া পরিচয় দিয়ে সে সংসদ সদস্যসহ উচ্চ পর্যায়ের লোকদের ভয় দেখিয়ে টাকা দাবি করতো। বেশ কয়েকজন সংসদ সদস্য তার প্রতারণার শিকার হয়েছে বলেও জানান র্যাব-৩ অধিনায়ক।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সৌদি আরব থেকে ২০১৬ সালে দেশে ফিরে এসে রামপুরা বনশ্রী এলাকার দিকে একটি ফোন ফ্যাক্সের দোকান নিয়ে সে প্রতারণা শুরু করে। র্যাবের ধারণা, তার সঙ্গে আরও কিছু লোকজন জড়িত আছে। তাদের ধরার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
/এসএমএন/টিএন/