ক্যাডেট পলিন হত্যা মামলা ময়মনসিংহে চলবে কিনা আদেশ সোমবার

ক্যাডেট পলিন


ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী পলিন হত্যা মামলাটি ময়মনসিংহ বিচারিক আদালতে চলবে কিনা সে বিষয়ে আগামীকাল সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ। হাইকোর্টের এ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলটি করে আসামি পক্ষ। আগামীকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এর সুরাহা করবেন।
এর আগে ৬ এপ্রিল ক্যাডেট শর্মিলা শাহরিন পলিন হত্যার অভিযোগে ময়মনসিংহের বিচারিক আদালতে সেনাবাহিনীর মেজর নাজমুলসহ পাঁচ আসামির বিরুদ্ধে মামলা চলবে বলে রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহমুদুল হকের সমম্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এরপর আসামিপক্ষে আপিল আবেদন করা হয়।
২০১৩ সালের ২২ মে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ৩ মার্চ ময়মনসিংহের জজ আদালত মেজর নাজমুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অন্য চার অভিযুক্ত হলেন ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক আবুল হোসেন, নন কমিশন্ড অফিসার মো. ওশেরুজ্জামান, হোস্টেলের আয়া হেনা বেগম ও মেজর  মনির আহমেদ চৌধুরী।
পাঁচ আসামির মধ্যে মেজর নাজমুলসহ চারজন জামিনে রয়েছেন। মেজর মনির পলাতক আছেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী হোস্টেল থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী শর্মিলা শাহরিন পলিনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিনই ময়মনসিংহ কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা করেন কলেজের প্রিন্সিপাল খাদেমুল ইসলাম।
/ইউআই/টিএন/