খুশি কবিরের বিরুদ্ধে ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি’র মামলা খারিজ

খুশি কবির

গণজাগরণ মঞ্চের মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে 'কটূক্তি' করে স্লোগান দেওয়ার অভিযোগে মানবাধিকার কর্মী খুশি কবিরের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান মামলার আরজিতে আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তা খারিজ করে দেন।

এর আগে রবিবার (৪ জুন) বেলা ১১টায় রাজধানীর চকবাজার থানা এলাকার সমাজসেবক হাজি বাদল বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন।

এজাহারে বাদী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নিজের মা হিসেবে শ্রদ্ধা করেন। প্রধানমন্ত্রীর নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন।’

প্রসঙ্গত, ২৮ মে সন্ধ্যায় ভাস্কর্য সরানোর প্রতিবাদে ইমরান এইচ-এর নেতৃত্বে বের হওয়া গণজাগরণ মঞ্চের একটি মিছিল থেকে প্রধানমন্ত্রীকে 'কটূক্তি' করে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরে দুটি মামলা হয়েছে।

/এসআইটি/বিএল/টিএন/