নার্স নিয়োগে অনিয়ম পায়নি তদন্ত কমিটি: বিএসএমএমইউ ভিসি

বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খাননার্স নিয়োগ নিয়ে বর্তমান প্রশাসনের ওপর কলঙ্কের ছাপ দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু নার্স নিয়োগের বিষয়ে সিন্ডিকেটের মাধ্যমে গঠিত অনুসন্ধান কমিটি কোনও অনিয়ম খুঁজে পায়নি। এ থেকে প্রমাণিত হয়, বর্তমান প্রশাসন কোনও ধরনের অন্যায় ও অনিয়মকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান।

সোমবার (৫ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া নার্সদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, ‘নার্সিং একটি সম্মানিত ও মহৎ পেশা। নার্সদের বুকের ভেতরে যত কষ্ট থাকুক, হাসি মুখে রোগীদের সেবা দিতে হবে। নিজ হাতে ওষুধ খাওয়াতে হবে এবং রোগীরা কেমন আছেন, সে বিষয়ে খোঁজ-খবর নিতে হবে।’

উপাচার্য কামরুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উন্নত নার্সিং সেবাসহ উন্নত চিকিৎসাসেবার ওপরে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ বজায় রাখা, কারও সঙ্গে খারাপ ব্যবহার না করাসহ চেইন অব কমান্ড মেনে চলে সম্মিলিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

মত বিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন,‘নার্সদের সেবার ব্রত নিয়ে রোগীদেরকে সেবা দিতে হবে। এ বিশ্ববিদ্যালয়ের নার্সরাই যে সেরা, সেবার মাধ্যমেই সেই উদাহারণ সৃষ্টি করতে হবে। কোনও রোগী ও তার স্বজনদের সঙ্গে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল তার বক্তব্যে নার্সদের আবাসন সমস্যা দূরীকরণে প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ‘রোগীদেরকে অবশ্যই সর্বোত্তম সেবা দিতে হবে। রোগীদের সঙ্গে হাসিমুখে কথা বলাসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের যে নির্দেশনা রয়েছে, তা অবশ্যই নার্সদের মেনে চলতে হবে।’ 

মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, নার্সিং সুপারিনটেনডেন্ট সান্তনা রাণী দাস, অতিরিক্ত নার্সিং সুপারিনটেনডেন্ট হালিমা বেগম প্রমুখ।

/জেএ/  এপিএইচ/

আরও পড়ুন:

আফসান চৌধুরীকে গ্রেফতার চেয়ে লিগ্যাল নোটিশ