বেইলি রোডে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু





লাশ উদ্ধাররাজধানীর রমনার বেইলি রোডে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এই তিন শ্রমিক হলেন জাহাঙ্গীর হোসেন (২৫), সায়েম (১৭) ও জয়নুল (১৮)। তাদের গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়।

উদ্ধারকারী সহকর্মী সানি ও পিংকু জানান, বেইলি রোডে নির্মাণাধীন বহুতল ভবনের ১০ তলার লিফটের শাটারিংয়ের কাজ করার সময় মাচা ভেঙে ৩ জন নিচে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।
রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নাসিমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এরকম একটা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঢামেক হাসপাতালেও পুলিশ খোঁজ নিচ্ছে।’
এআইবি/এনআই/