শাজাহানপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

রাজধানীর শাজাহানপুর থানার গুলবাগে জিন্নাতুর রহমান রায়হান (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টায় তিন যুবক রায়হানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের স্ট্রেচারে জিন্নাতুর রাহমান, পরে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকজানা যায়, রবিবার বিকাল সাড়ে ৫টায় জিন্নাতুর রহমানকে গুলবাগ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে শাহ আলম, পারভেজ ও হারেস নামে তিন যুবক। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই তিন যুবককে আটক করে মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশ।

জিন্নাতকে হাসপাতালে নিয়ে আসা শাহ আলম বলেন, ‘গুলবাগের নির্মাণাধীন একটি ৮ তলা ভবনের চারতলা থেকে পড়ে যান জিন্নাতুর রহমান রায়হান। শ্রমিকরা আমাদের দিয়ে একটি সিএনজি অটোরিকশায় করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।’ জিন্নাতুর রহমান রায়হানের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরিপুরে। তার বাবার নাম আবু সিদ্দিক, বলেও জানায় সে।

তবে মুন্সীগঞ্জের চরডুমুরিয়ার নুরানী হিমাগার লিমিটেডের ম্যানেজার পরিচয় দিয়ে বেলাল হোসেন নামের এক ব্যক্তি ফোনে পুলিশকে জানান, জিন্নাতুর রহমান রায়হান নুরানী হিমাগারে অফিস সহকারী হিসাবে কাজ করে। তাকে রবিবার গুলশানের একটি প্রতিষ্ঠানে বিলের ভাউচার দিয়ে পাঠানো হয়েছিল। তার সঙ্গে তেমন কোনও টাকা-পয়সা ছিল না।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (ঢামেক) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

/এআইবি/এমও/