বনানীর ধর্ষণ মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে

বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান তিন আসামি (ফাইল ছবি)

রাজধানীর বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলা বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১১ জুন) ঢাকার মহানগর হাকিম মো. দোলোয়ার হোসেনের আদেশে মামলাটি ২নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজমের আদালতে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও উপ-পরিদর্শক আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল মান্নান জানান, ‘মামলাটি বিচারের জন্য ২নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছেন।’

প্রসঙ্গত, ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন দুই তরুণী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। আর ঘটনাস্থলে উপস্থিত থেকেও আসামিদের নিবৃত্ত করার কোনও রকম চেষ্টা করেনি সাদমান, বরং দুই তরুণী তার কাছে সাহায্য চাইলে সে বিষয়টি এড়িয়ে যায়। ধর্ষণের এই ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

/এমএ/এনআই