ঢাকা সদরঘাটের ইস্পাহানি টার্মিনাল সংলগ্ন বুড়িগঙ্গায় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় বেশ কয়েকজন কয়েকজন নিখোঁজ রয়েছেন, বলে জানা গেছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। শুনেছি কয়েকজন নিখোঁজ রয়েছেন, তবে ঘটনাস্থল থেকে আমাদের কাছে এখনও কোনও আপডেট আসেনি।
ফায়ার সার্ভিসের সদরঘাট টার্মিনালের উপ-পরিচালক জয়নাল আবেদিন বাংলা ট্রিবিউনকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে ট্রলারটি ডুবে যায়। দুই-একজন নিখোঁজ হতে পারে। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড সবাই ট্রলার ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এখনও কোনও লাশ পাওয়া যায়নি। সব যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
/জেইউ/এআরআর/এমও/এসটি