টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীদের হামলা

ছুরিকাঘাতরাজধানীর ধানমন্ডির এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবি করেও না পেয়ে তার ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহত ব্যবসায়ী শেখ শৈলুজামান বাবু (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনজার্চ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
আহত ব্যাবসায়ী বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় সন্ত্রাসীরা বেশ কিছুদিন হলো আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে আসছিল। আজ (মঙ্গলবার) আমি শংকর বালুর মাঠের পাশে চায়ের দোকানে বসে ছিলাম। এসময় ইভা, মামুন ফকির, সোহেল ও শাহীন দোকানে এসে ওই টাকা দাবি করেন। আমি এর প্রতিবাদ করায় তারা আমার ওপর হামলা করে। দোকান থেকে ৮/১০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।’
আহত শৈলুজামান বাবুর বাসা ধানমন্ডির ২৬ নম্বর রোডে। তাকে রাতে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার মামা মো. জালাল। তিনি জানান, বাবুর মাথা, পিঠ ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এসআই বাচ্চু মিয়া জানান, শৈলুজামান বাবুর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন-

উবারে নারী যাত্রীকে নির্যাতনের অভিযোগ, চালক নিষিদ্ধ

কাওরান বাজারে প্রাইভেটকারের চাপায় নিরাপত্তাকর্মী নিহত, আহত ৪

/এআইবি/টিআর/