শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কেজি সোনা আটক হয়েছে। দুবাই থেকে আসা আরব আমিরাতের একটি ফ্লাইট থেকে মঙ্গলবার রাতে সোনার বারগুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। উদ্ধার করা ৪০টি সোনার বারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা। এত সোনা কে বা কারা ফেলে গেছে তা নিয়ে তদন্ত চলছে।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক শামীমুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সংযুক্ত আরব আমিরাতের একটি ফ্লাইট (ই.কে. ৫৮৪) দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছে। বিমানটিতে অবৈধ সোনা থাকার গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দারা পুরো বিমানটি তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে ওই বিমানের ইকোনমি ক্লাসের সিট নং- ৩৭ জে এবং ৩৭ কে-এর পেছনের দিকে ৩৮ জে এবং ৩৮ কে নম্বর সিটের জন্য রক্ষিত ট্রে-টেবিলের সামনের সিট কভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই সোনাগুলো রাখা হয়। পরে সেখান থেকে প্রতিটি বারে দশ তোলা করে মোট ৪ কেজি ৬৬ গ্রাম সোনার বার পাওয়া যায়।
শামীমুর রহমান জানান, সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের সময় ওই সিটে কোনও যাত্রী ছিল না। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত চোরাকারবারীকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
/জেইউ/টিএন/