হলি আর্টিজানে চার ঘণ্টা শ্রদ্ধা জানানোর সুযোগ

হলি আর্টিজান রেস্টুরেন্ট, শুক্রবার তোলা ছবি (ছবি- ফোকাস বাংলা)গুলশানের হলি আর্টিজান বেকারিতে এক বছর আগে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রেস্টুরেন্টটি খুলে দেওয়া হচ্ছে। ওই হামলার এক বছর পূর্তির দিন শনিবারে (১ জুলাই) রেস্টুরেন্টটি চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হচ্ছে। হলি আর্টিজান বেকারির মালিক সাদাত মেহেদী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হলি আর্টিজানের নিচতলা সবাইর জন্য উন্মুক্ত থাকবে।’
গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। জঙ্গিরা প্রায় ১২ ঘণ্টা অবরোধ করে রেখেছিল রেস্টুরেন্টটি। পরদিন (২ জুলাই) সকালে সেনা কমান্ডোদের অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি। এসময় সাইফুল ইসলাম চৌকিদার নামে ওই রেস্তোরাঁর একজন শেফও নিহত হন। এছাড়া, চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর মারা যান আরেক শেফ।
গুলশান হামলার এক বছর পূর্তি উপলক্ষে চলছে তল্লাশি (ছবি- ফোকাস বাংলা)সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (১ জুলাই) গুলশান হামলার এক বছর পূর্তি উপলক্ষে হলি আর্টিজান বেকারি এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। রেস্টুরেন্টটির ঢোকার মুখেই চৌরাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। এছাড়া, হোলি আর্টিজান বেকারির মালিক ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ব্যবস্থাপনা বিষয়ে কথা বলেছে গুলশান থানা পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় ১৭ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ইতালিয়ান নয় জন, জাপানি সাত জন ও একজন ভারতীয় নাগরিক। নিহত বিদেশি নাগরিকদের মৃত্যুবার্ষিকীতে তাদের স্বজন ও অন্যান্য বিদেশি নাগরিকরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়া, দেশি-বিদেশি প্রচুর সাংবাদিকও সংবাদ সংগ্রহের জন্য যাবেন রেস্টুরেন্টটিতে। এ কারণে ওই এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলি আর্টিজান হামলার বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রদ্ধা জানাতে যারা হলি আর্টিজানে যাবেন, নিরাপত্তার স্বার্থে তাদের তল্লাশি করে ভেতরে যেতে দেওয়া হবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য সাদা পোশাকে দায়িত্বরত থাকবেন ওই এলাকায়।

আরও পড়ুন-

হলি আর্টিজান এখন

অবিন্তা নেই, বেঁচে আছে তার স্বপ্ন

তুমি কোথায়, ‍গুলশানে জঙ্গি হামলা!

দুর্বিসহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তারা

এসি রবিউলের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত

/এনএল/টিআর/