ঢাকায় ফেরার পর পরিবারের সঙ্গে ফরহাদ মজহার (ছবি- নাসিরুল ইসলাম)কবি, লেখক, বুদ্ধিজীবী, কলামিস্ট ফরহাদ মজহার তার পরিবারের কাছে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন। ঢাকা মহানগর হাকিম আদালতে তিনি নিজ জিম্মায় যাওয়ার আবেদন করলে শুনানি শেষে তার এই আবেদন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব। ফরহাদ মজহারের আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সানাউল্লাহ মিয়া বলেন, ‘ফরহাদ মজহার আদালতের কাছে নিজ জিম্মায় যাওয়ার আবেদন করেছিলেন। শুনানির পর আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার সেই আবেদন মঞ্জুর করেন।’
ফরহাদ মজহারের এই আইনজীবী জানান, শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ছিলেন ফরহাদ মজহার। এসময় আদালত তাকে জিজ্ঞাসা করেন, তিনি নিজ বাসায় যেতে চান কিনা। এর জবাবে ফরহাদ মজহার কোনও কথা বলেননি, তিনি কেবল মাথা নাড়িয়ে সম্মতি জানান।
এর আগে ওই একই আদালতে জবানবন্দি দেন ফরহাদ মজহার।
আদালতে চত্তরে ফরহাদ মজহারকেউল্লেখ্য, সোমবার (৩ জুলাই) ভোররাতে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি তার স্ত্রীকে ফোন করে জানান, ‘ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ পরে তার স্ত্রী আদাবর থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে র্যাব-৬ যশোর নওয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুকের নেতৃত্বে তাকে যশোর থেকে ঢাকায় আনা হয়। এরপর তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন-
জবানবন্দির জন্য আদালতে ফরহাদ মজহার
ফরহাদ মজহারকে অপহরণ মামলার এজাহারে যা আছে
/এসআইটি/জেইউ/টিআর/