কবি, বুদ্ধিজীবী, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ১১০৬ নম্বর কেবিনে অধ্যাপক একেএম মুসার অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) আদালত থেকে সরাসরি তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়।
ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার বাংলা ট্রিবিউনকে জানান, তিনি আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। চোখ বাঁধা অবস্থায় গত দুই দিনের বিভীষিকাময় পরিস্থিতিতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মানসিকভাবেও তিনি ভীষণ বিপর্যস্ত। তিনি সুস্থ হওয়া পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় থাকতে বলেছেন। চিকিৎসকরা কথা বলতেও নিষেধ করেছেন।
এর আগে মঙ্গলবার বিকালে ফরহাদ মজহারকে নিজ জিম্মায় বাসায় ফেরার অনুমতি দেন আদালত।
উল্লেখ্য, সোমবার (৩ জুলাই) ভোররাতে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি স্ত্রীকে ফোন করে জানান, ‘ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ পরে তার স্ত্রী আদাবর থানায় অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে র্যাব-৬ যশোর নওয়াপাড়া থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে। পরে তাকে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুকের নেতৃত্বে তাকে যশোর থেকে ঢাকায় আনা হয়।
এরপর ফরহাদ মজহারকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়। জবানবন্দি দেওয়ার পর তিনি নিজ জিম্মায় যাওয়ার আবেদন করলে শুনানি শেষে তার এই আবেদন মঞ্জুর করেন আদালত।
/এনএল /জেইউ/এসএমএ/
আরও পড়ুন
ফরহাদ মজহার বারডেমে
নিজ জিম্মায় বাড়ি ফেরার অনুমতি পেলেন ফরহাদ মজহার
অপহরণকারীরাই আমাকে বাসের টিকিট ধরিয়ে দেয়: ফরহাদ মজহার