চারুকলায় ‘বন্ধুত্বের ৩০ বছর’ উপলক্ষে শিল্পকর্ম প্রদর্শনী

 

চারুকলায় শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন রফিকুন নবীঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘বন্ধুত্বের ৩০ বছর’ উপলক্ষে রবিবার (৯ জুলাই) শুরু হয়েছে একটি দলগত শিল্পকর্ম প্রদর্শনী। অনুষদের জয়নুল গ্যালারিতে 'Jump StArt@30' শিরোনামের এ প্রদর্শনীর আয়োজক ‘চারুকলা ৮৭’।তৎকালীন চারুকলা ইনস্টিটিউটে ১৯৮৭ সালে শিক্ষাজীবন শুরু করা শিক্ষার্থীদের সংগঠন এটি। বন্ধুত্বের ৩০ বছর উপলক্ষে এ আয়োজন করেছেন ওই ব্যাচের শিক্ষার্থীরা। রবিবার বিকাল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী ও চারুকলা অনুষদের সুপারনিউমারি অধ্যাপক রফিকুন নবী৷

প্রদর্শনী উদ্বোধনকালে রফিকুন নবী বলেন,‘শিল্পের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস খুব জরুরি৷ ১৯৮৭ ব্যাচের শিক্ষার্থীদের এ উদ্যোগ তাই প্রশংসনীয়৷ আমি আশা করব এ ধারা অব্যাহত থাকবে৷ চারুকলা অনুষদ থেকে পড়াশোনা করা শিক্ষার্থীদের অনেকে শিল্পচর্চার সঙ্গে আছেন,অনেকে নেই৷ তাদের সবাইকে এর সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানাই৷ কারণ,ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই শিল্পচর্চা বেগবান হয়।’ প্রদর্শনীটি ১৫ জুলাই পর্যন্ত দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে৷

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন,‘শিল্পচর্চার মাধ্যমে জীবিকা নির্বাহ করা খুব কঠিন৷ তা সত্ত্বেও অনেকে শিল্পচর্চার সঙ্গে আছেন-এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার৷ প্রদর্শনীতে ছবি বিক্রি হোক বা না হোক,শিল্পচর্চায় থাকাটা প্রশংসনীয়৷ ১৯৮৭'র কথা যদি বলি-ওই সময় অনেক কিছুই সম্ভব ছিল,যা এখন নেই৷ সেসময় তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে কমিটমেন্ট ছিল,তা এখন নেই৷ সবাই এখন অর্থ আর ক্ষমতার পেছনে ছুটছে৷ অ্যালামনাই গঠন করে শিল্পকর্মের চর্চার সঙ্গে থেকে,অর্থ-ক্ষমতার মোহ থেকে দূরে থেকে অনুপম মনুষ্যত্বের অধিকারী হয়ে ওঠা সম্ভব৷'অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজনের আহ্বায়ক রকিবুল আনাম অঞ্জন৷

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক,শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদিন প্রমুখ৷ প্রদর্শনীতে অধ্যাপক দেবাশীষ পাল,অধ্যাপক মুকুল বাড়ই,রকিব আনাম অঞ্জন,নবীন লতীফ,নাজিব তারেকসহ ৪২ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে৷

অনুষ্ঠানে চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী শিল্পী হাসান আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷

এএইচ/এসটিএস/এএম/