ঢাবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। রেজিস্ট্রার অফিসের এম.ফিল ও পি.এইচ.ডি শাখার ৩২৩ নম্বর কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এম.ফিল সনদপত্র অথবা সব পরীক্ষা পাশের মূল নম্বরপত্র এবং জনতা ব্যাংক টিএসসি শাখায় ১ হাজার টাকা জমার রশিদ দেখিয়ে প্রার্থীকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, ‘আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার নম্বরপত্রের একটি করে ফটোকপি ও সম্প্রতি তোলা দুই কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক কিংবা বিভাগের চেয়ারম্যান অথবা ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিদেশ থেকে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের পর ভর্তির আবেদন করতে হবে। পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য প্রদান না করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এম.ফিল পাশ অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ও এক বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি অথবা তিন বছর মেয়াদী স্নাতক সম্মান ও এক বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রির অধিকারী হতে হবে।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণিসহ ন্যূনতম ৫০ ভাগ নম্বর থাকতে হবে। সিজিপিএ নিয়মে মাধ্যমিক বা সমমান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় সিজিপিএ ৫-এর মধ্যে ৩.৫ অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। প্রার্থীদের স্নাতক পর্যায়ে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনও স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের গবেষণাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রার্থীদের স্বীকৃতমানের জার্নালে প্রকাশিত কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদের ক্ষেত্রে অন্তত একটি গবেষণা প্রকাশনা একক নামে হতে হবে।’

এছাড়া জানানো হয়েছে, দেশের কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভর্তি হতে পারবেন না। পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তি হতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রিধারীদের আবেদনপত্র সংগ্রহের আগে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে দরখাস্ত করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য এম.ফিল-পি.এইচ.ডি শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।

/জেএইচ/