ব্যাখ্যা দিতে আখাউড়া থানার ওসি হাইকোর্টে





হাইকোর্টহজে গমনে ইচ্ছুক জীবিতকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ায় তার ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন। রবিবার (২৩ জুলাই) বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
এর আগে ১৭ জুলাই পুলিশ ভেরিফিকেশনে হজে গমনে ইচ্ছুক জীবিতকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ায় তার ব্যাখ্যা দিতে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে তলব করেন হাইকোর্ট।
একই সঙ্গে পুলিশের এ প্রতিবেদনকে কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
আখাউড়ার বাসিন্দা মো. আজাদ হোসেন ভূঞাকে মৃত দেখিয়ে গত ২০ জুন প্রতিবেদন দেয় আখাউড়ার থানা পুলিশ। পুলিশের এ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে গত ১২ জুলাই রিট দায়ের করেন জীবিত আজাদ হোসেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন কায়সার জাহিদ ভূইয়া। পরে আইনজীবী জাহিদ ভূইয়া সাংবাদিকদের বলেন, হজে গমনে ইচ্ছুক আখাউড়ার বাসিন্দা আজাদ হোসেন ভূঞার পুলিশ ভেরিফিকেশন করে প্রতিবেদন দাখিল করে। তাতে জীবিত আজাদ হোসেনকে মৃত দেখিয়ে প্রতিবেদন দাখিল করে ওই থানার তদন্তকারী আবুল কালাম। পরে ওই প্রতিবেদনের আলোকে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাকে মৃত বলে তথ্য প্রকাশ করা হয়।
/এমটি/এনআই/