‘চাপিয়ে দিলে শিশুর মেধা বিকাশ বাধাগ্রস্ত হবে’

টিআইবির চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে বিচারক ও অতিথিরাশিশুর ইচ্ছা-অনিচ্ছার প্রতি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে বিশিষ্ট শিল্পী মুস্তাফা মনোয়ার বলেছেন, ‘শিশুদের ওপর কোনও কিছু চাপিয়ে দিলে তাদের মেধা বিকাশের পথ বাধাগ্রস্ত হবে।’ শনিবার (২৯ জুলাই) শিশু একাডেমিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন। প্রতিযোগিতায় ঢাকার বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

মুস্তাফা মনোয়ার বলেন, ‘বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি চর্চার দেশ। সুযোগ পেলে এ দেশের শিশুরা অনেক বড় শিল্পী হয়ে দেশ-বিদেশে প্রশংসিত হবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে।’

দিনব্যাপী এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৯টি স্কুলের আঁকিয়েরা অংশ নেয়। ‘আমার স্বপ্নের বাংলাদেশ ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান বিচারক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বিচারক হিসেবে ছিলেন শিল্পী মনিরুজ্জামান ও সামিনা নাফিজ।

অংশগ্রহণকারীদের মধ্যে ‘ক’ ও ‘খ’ দু’টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতার ‘ক’ বিভাগে এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে ক্রেস্ট ও সনদসহ যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকার সমমূল্যের বই পুরস্কার হিসেবে দেওয়া হয়। উভয় বিভাগের বিশেষ মনোনয়নপ্রাপ্ত দশ বিজয়ীর প্রত্যেককে সনদ ও এক হাজার টাকা সমমূল্যের বই দেওয়া হয়।

প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করে ভিকারুননিসা নূন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাফিসা তাবাসসুম রিদি, দ্বিতীয় স্থান অধিকার করে টিঅ্যান্ডটি গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সামিয়া হক এবং তৃতীয় স্থান অধিকার করে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান হাসান খান।

‘খ’ বিভাগে প্রথম স্থান অধিকার করে ঢাকা সরকারি বধির হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী হোসনা আক্তার স্মৃতি, দ্বিতীয় স্থান অধিকার করে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জিনাত আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মিরাজ বিশ্বাস।

/আরজে/এএম