নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকদের নিয়োগে হাইকোর্টের রুল

High-Court-1_2বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (২ আগস্ট) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো.  কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শুনানিতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট কাজী মো.আখতারুজ্জামান সুমন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
রুলে সনদধারী দরখাস্তকারীদের বেসরকারি স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান না করার ক্ষেত্রে বিবাদীদের ব্যর্থতা এবং সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দরখাস্তকারীদের নিয়োগ প্রদানের জন্য বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
পরে আখতারুজ্জামান সুমন সাংবাদিকদের জানান, গত ২৬ জুলাই শিক্ষক পদে সনদধারী ঝিনাইদাহ জেলার মো. জহিরুল ইসলামসহ ৪১ জন এই রিট আবেদন করেন। ওই রিটের শুনানি করে আদালত বুধবার এই আদেশ দেন।

তিনি আরও জানান, রিট আবেদনকারীদের নিয়োগ প্রদান না করা তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।

/এমটি/এপিএইচ/

আরও পড়ুন: 

নাসিরউদ্দীন স্মৃতি ভবন সংরক্ষণে হাইকোর্টের রুল