উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে সমাধানের সিদ্ধান্ত হয়েছে: জাবি প্রক্টর

 

জাবিতে ভিসির বাসভবন ঘেরাও শিক্ষার্থীদের। ছবিটি গত ২৭ মে তোলা

 

মামলা প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন ও শিক্ষার্থীদের টানাপড়েনের অবসান হতে চলেছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে জাবির প্রক্টর তপন কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে যৌক্তিক ও সম্মানজক সমাধানের সিদ্ধান্ত হয়েছে।’ বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়েছে।   

আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য কল্যাণ বয়ে আনবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শিক্ষক সমিতিকে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবসময় সম্মানজনক সমাধান চেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থীর সমর্থন পেয়েছি। যা বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’

ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, ‘চলমান সংকটের সম্মানজনক সমাধান প্রক্রিয়াধীন থাকায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।’

জাবি প্রশাসনের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের এ বৈঠক শুরু হয় বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে। দফায় দফায় প্রশাসনের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের পৃথক পৃথক বৈঠক চলে রাত প্রায় সোয়া ১টা পর্যন্ত। এরপর শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয় থেকে চলে যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলা প্রত্যাহারের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ক্ষমা চাওয়ার শর্ত জুড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশেষ করে লাঞ্ছনার শিকার শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ার জোরালো আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। শিক্ষার্থীরা তখন ২৭ মে’র ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ ছিল উল্লেখ করে যুক্তি তুলে ধরেন। এছাড়া, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে তাদের হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ তুলেন তারা। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও দুঃখ প্রকাশ করার দাবি তোলেন শিক্ষার্থীরা। এ নিয়ে দীর্ঘ যুক্তি-পাল্টা যুক্তির একপর্যায়ে নমনীয় হন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে গত ২৭ মে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর উপাচার্যের বাসভবনে বিক্ষোভ করেন তারা। এ ঘটনার পর, উপাচার্যের বাসভবনে ভাঙচুর এবং শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা দায়েরের পর থেকে তা প্রত্যাহারের দাবিতে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’ ও ’প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ‘সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ এর ব্যানারের মাঠে নামার ঘোষণা দেন শিক্ষকরা।

 আরও পড়তে পারেন: শিক্ষার্থীদের সঙ্গে জাবি প্রশাসনের আলোচনা শুরু

/এএম/