সিদ্দিকুরের চোখে অপারেশন আজ

হাসপাতালের বেডে সিদ্দিকুর (ফাইল ছবি)শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনের ঘটনায় আহত সিদ্দিকুর রহমানের চোখের অপারেশন হওয়ার কথা রয়েছে আজ শুক্রবার (৪ আগস্ট)। ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরের চোখের অপারেশন হবে। বাংলা টিব্রিউনকে এ  তথ্য নিশ্চিত করেছেন সিদ্দিকুরের বন্ধু এবং তিতুমীর কলেজের সহপাঠী শেখ ফরিদ।  

শেখ ফরিদ বলেন, ‘অপারেশনের জন্য বুধবার (২ আগস্ট) সিদ্দিকুরের অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বৃহস্পতিবার সেগুলোর রিপোর্ট পাওয়া গেছে। সবকিছু ঠিক থাকায় চিকিৎসক লিঙ্গম গোপাল শুক্রবার অপারেশনের দিন ঠিক করেছেন।’ সিদ্দিকুর মানসিকভাবে সুস্থ আছেন ও সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ফরিদ।

পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।

এরপর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্দিকুরের ডান চোখে আলো ফেরার সম্ভাবনা নেই ও বাম চোখের অবস্থাও ভালো না বলে জানান দেশের ডাক্তাররা। পরে তার চোখের চিকিৎসার ব্যাপারে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তত্ত্বাবধানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসরা তাকে চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

/জেএ/এফএস/ 

আরও পড়ুন- 

‘শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষে আহত সিদ্দিকুরের চোখ ফেটে গেছে'
‘সিদ্দিকুরের চোখে কে টিয়ারশেল মেরেছে সেটা বের করা কি অসম্ভব’