শুভ্র কুমারের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে তারা বকশিবাজারে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে ভোর সাড়ে চারটার দিকে শুভ্র আরেক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে নিয়ে বের হয়। কিছুক্ষণ পর শুভ্র নিজেই বন্ধুদের ফোনে জানায়, তারা দুর্ঘটনার শিকার হয়েছে। পরে বন্ধুরা উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
তবে হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় আইসিইউতে সিট খালি নেই। পরে তার বন্ধুরা জোরপূর্বক আইসিইউতে গিয়ে দেখে দুই একটি বাদে সব সিটই খালি আছে। এক পর্যায়ে শুভ্রকে নিয়ে একটি বেডে রাখা হয়। কিন্তু আইসিইউ’র কর্তব্যরত ডাক্তার রোগীদের কক্ষে ছিলেন না। এক পর্যায়ে শুভ্রর বন্ধুরা নিজ কক্ষ থেকে ডাক্তারকে ঘুম থেকে জাগান। তখন ডাক্তার ঘুমিয়ে ঘুমিয়ে শুভ্রকে দেখতে আসেন এবং শুভ্রকে মৃত ঘোষণা করেন।
তাদের অভিযোগ, 'চিকিৎসা ছাড়া আমাদের দেড় ঘণ্টা বাসিয়ে রাখা হয়।'
শুভ্রর খালু উত্তম কুমার সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সাড়ে ৫টায় ফোন পাই। আইসিইউতে এসে দেখি তাকে পাঞ্চ করছে। তারা বলে, আমরা কিছুই পারছি না। কিন্তু আইসিইউতে আনার আগে তাকে দেড় ঘণ্টার মতো নিচে ফেলে রাখা হয়। প্রাথমিক চিকিৎসা পেলে তাকে বাঁচানো যেতো। এই অবহেলার প্রতিকার কী হবে।’
জানা গেছে, শুভ্র কুমার সেন ঢাকা বিশ্বব্যিালয়ের ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং এ বছর সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার মা ঢামেকের গাইনি বিভাগের নার্স।
/জেএ/এসএনএইচ/