বনশ্রীতে শুক্রবার (৪ আগস্ট) দুপুরে এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় শনিবার (৫ আগস্ট) দুপুর সোয়া একটার দিকে গৃহকর্ত্রী শাহানা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। সকাল থেকে বস্তিবাসীসহ স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়ির সামনে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার বিকালে গৃহকর্তা মঈনুদ্দিন ও বাড়ির কেয়ারটেকার কামালকে আটক করেছে পুলিশ। আটক তিন জন সহ আজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার নাদিয়া জুই। এ মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পুলিশ জানায়, ‘নিহত গৃহকর্মী লায়লির (২৫) স্বামীর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। গতকাল রাতে এ মামলা করা হয়।’
উল্লেখ্য, শুক্রবার দুপুরে বনশ্রী জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে লাইলি (২৫) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ তথ্য এলাকায় ছড়িয়ে যাওয়ার পরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে গৃহকর্তার ফাঁসির দাবিতে আন্দোলনে নামেন তারা। এসময় সড়কে অবস্থান নিয়ে রাত পর্যন্ত বিক্ষোভ করেন এলাকাবাসী। একপর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অবস্থান নিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, গৃহকর্তা মঈনুদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ওই এলাকার গৃহকর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ। এর আগেও এই বাসায় গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে বলেও তারা জানান।
এআরআর /এএইচ/