রবিবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে কুষ্টিয়ায় জঙ্গিবিরোধী ‘অপারেশন টেপিড পাঞ্চ’ এবং সর্বশেষ রাজধানীর পান্থপথে ‘অপারেশন আগস্ট বাইট’ অভিযান পরিচালনায় নিয়োজিত সিটিটিসি ও ডিএমপির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এসব কথা বলেন। আইজিপি এ কে এম শহীদুল হক আরও বলেছেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান রয়েছে। হলি আর্টিজান হামলার পর পুলিশ ২৩টি জঙ্গি অপারেশন অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করেছে। যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। বিশ্বে বাংলাদেশ এখন জঙ্গি দমনের রোল মডেল হিসেবে স্বীকৃত।’
সভায় সম্প্রতি পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানগুলোর সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন পুলিশ সদর দফতরের এআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সিটিটিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, যুগ্ম-কমিশনার মো. আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনাররা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. মহসিন হোসেন, ডিআইজি (লজিস্টিকস) মিলি বিশ্বাস, ডিআইজি (এইচআর) রৌশন আরা বেগম, ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মিজানুর রহমান ছাড়াও পুলিশ সদর দফতর, সিটিটিসি ও ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জঙ্গিবিরোধী অভিযানে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদান রাখা পুলিশ সদস্যদের জন্য ডিএমপি কমিশনার ও সিটিটিসি প্রধানের হাতে প্রণোদনার অর্থ তুলে দেন আইজিপি।