রাজধানীতে ভেজাল মদ তৈরির কারখানা থেকে গ্রেফতার ১

গ্রেফতার মো. আব্দুল কাদের রাজধানীর মিটফোর্ড এলাকায় ভেজাল মদ তৈরির একটি কারখানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। শনিবার (২৬ আগস্ট) রাতে মিটফোর্ডের ২০২ নম্বর মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালায় ঢাকা মেট্রো উপ অঞ্চলের সদস্যরা। গ্রেফতার ব্যাক্তির নাম মো. আব্দুল কাদের (৫৫)। উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি জানান, মাকের্টের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে অবৈধ রেক্টিফাইড স্পিরিট দিয়ে ভেজাল মদ ও হোমিও ওষুধ তৈরির কারখানা পাওয়া যায়। এ সময় বোতল ও জারিক্যান ভর্তি ৫৪১.২ লিটার রেক্টিফাইড স্পিরিট এবং ভেজাল মদ ও হোমিও ওষুধ তৈরির উপকরণসহ এক জনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, এই নকল কারখানার মূলহোতা মো. মাহবুব। সে কেরানীগঞ্জ থাকে। সে দীর্ঘদিন ধরে মিটফোর্ড রোডস্থ ২০২ নম্বর মাকের্টের দ্বিতীয় তলার একটি গোডাউনের মধ্যে রেক্টিফাইড স্পিরিট হোমিও ওষুধের লেবেল ব্যবহার করে বোতলজাত করে। এগুলো ঢাকার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করত। তবে ঘটনার সময় এই নকল কারখানার মূল হোতা ঘটনাস্থলে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তাদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।