আরএমএম লেদার ইন্ডাস্ট্রির এমডি অপহৃত

অনিরুদ্ধ কুমার রায়গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাজধানীর গুলশান এলাকা থেকে আরএমএম লেদার ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনিরুদ্ধ কুমার রায়কে অপহরণ করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। রবিবার (২৭ আগস্ট) বিকাল ৪টার দিকে গুলশানের ইউনিয়ন ব্যাংকের সামনে তাকে ব্যক্তিগত গাড়ি থেকে তুলে নেওয়া হয়। এ ঘটনায় গুলশান থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জিয়া জিডির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

গুলশান থানায় জিডিটি দায়ের করেছেন অনিরুদ্ধ রায়ের ভাগ্নে কল্লোল হাজরা। জিডি নম্বর ১৭৭৩। জিডিতে অভিযোগ করা হয়েছে, রবিবার দুপুর সাড়ে ৪টার দিকে গুলশান ১ নম্বরের পাশে ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে ডিবি পরিচয়ে অনিরুদ্ধ রায়কে তুলে নেওয়া হয়। এসময় তার গাড়িচালকও সঙ্গে ছিলেন। তবে গাড়িচালককে তারা রেখে যায়। এরপর গাড়িচালক বিষয়টি অনিরুদ্ধ রায়ের বাসায় জানালে তারা এসে গুলশান থানায় বিষয়টি অবহিত করেন।




গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘তিনি (অনিরুদ্ধ রায়) ইউনিয়র ব্যাংকে কাজে এসেছিলেন। কাজ শেষ করে যখন বের হয়েছেন, তখন একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এসময় ওই ব্যবসায়ীর গাড়ি নিয়ে তার চালক অপেক্ষা করেছিল। জিডি দায়েরের পরই আমরা কাজ শুরু করেছি। তবে এখনও কোনোকিছু নিশ্চিত হওয়া যায়নি।’
ওসি আবু বক্কর আরও বলেন, ‘ব্যাংকের সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে। ড্রাইভারের কাছ থেকেও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। ডিবি পুলিশও বিষয়টি নিয়ে কাজ করছে।’
এদিকে, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ওয়েবসাইট থেকে জানা গেছে, আরএমএম লেদার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। রাজধানীর হাজারীবাগের ১১৯নং বাড়িটি তাদের অফিসের ঠিকানা। ওয়েবসাইটে দেওয়া অফিসের কয়েকটি টিঅ্যান্ডটি নম্বর দেওয়া রয়েছে। তবে সেসব নম্বরে কল করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। অফিসের একটি মোবাইল নম্বরে কল করা হলে সেটাও বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য, আরএমএম লেদার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়কে ২০১৬ সালে বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল হিসেবে ঘোষণা করে বেলারুশ সরকার। এদিকে দেশে কর্মসংস্থান সৃষ্টি করায় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারও তাকে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে স্বীকৃতি দিয়েছে।




আরও পড়ুন-

বোম্ব ডিসপোজাল টিমের অপেক্ষায় ভালুকার পুলিশ

রিশা হত্যার একবছর: সাক্ষ্য চললেও আদালত পরিবর্তনের আবেদন আসামির