বিষপানে হোটেল কর্মচারীর আত্মহত্যা

আত্মহত্যা বংশালে এক হোটেল কর্মচারী বিষপানে আত্মহত্যা করেছেন। তার নাম মো. হাসান (২০)। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাসানের চাচাতো ভাই মো. মারুফ বলেন, ‘শাহবাগে পিজি হাসপাতালের পেছনে একটি খাবারের হোটেলে কাজ করতেন হাসান এবং সেখানেই থাকতেন। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে বংশালে সোহাগ হোটেলের পেছনে আমাদের মেসে আসেন। কিছুক্ষণ পর বমি করতে থাকেন। রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি (হাসান) জানান যে, ইঁদুর মারার ওষুধ খেয়েছেন। তবে কী কারণে খেয়েছেন তা বলেননি।’
মারুফ জানান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যান হাসান। পরে পুলিশের এসআই সামদানী আজাদ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
হাসানের বাড়ি হবিগঞ্জ সদরের যাদবপুর গ্রামে। তার পিতার নাম জালাল মিয়া।