সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, বোন আইসিউতে

আরিফরাজধানীর শেরেবাংলা নগরের হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় ওই তরুণের বোন গুরুতর আহত হয়েছেন। নিহত মো. আরিফ হোসেনের (২০) লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আরিফের স্বজন আওলাদ হোসেন জানান, আরিফ তার বোন ইতিকে নিয়ে তাদের অসুস্থ ভগ্নিপতিকে দেখতে সোহরাওয়ার্দীতে গিয়েছিল। ভগ্নিপতিকে দেখে মোটরসাইকেলে তাদের ‍পুরান ঢাকার বাসায় যাচ্ছিল। তখন দুর্ঘটনায় পড়ে। তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘এই ঘটনায় ইতিও গুরুতর আহত হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। তাকে আইসিউতে রাখা হয়েছে।’

নিহত আরিফের বাবার নাম তারা মিয়া। পুরান ঢাকার নবাবগঞ্জ লেনে তাদের বাসা।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শুনতে পেয়েছি, সোহরাওয়ার্দী হাসপাতালের নার্সিং হোস্টেলের কর্নারে মোটরসাইকেল নিয়ে মোড় ঘুরতে গিয়ে পড়ে যায়। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।’