আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। ঈদের দিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কারণ বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে।’ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এছাড়া মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। লঘুচাপটি বর্তমানে গুজরাট ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বেশ কিছু নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাস বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।