মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার অপারেশন সম্পন্ন হয়। এর আগে সকাল ৮টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং বেলা পৌনে ১০টার দিকে অপারেশন শুরু হয়।
সামন্ত লাল সেন বলেন, ‘আমরা আজ সফলভাবে মুক্তামনির হাতে ৫০ শতাংশ স্কিন ড্রাফটিং সম্পন্ন করেছি। সে এখন ভালো আছে।’
বাকি ৫০ শতাংশ স্কিন গ্রাফটিং কবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘বারবার অ্যানেসথেশিয়া এবং অপারেশন মেয়েটির জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমরা দেখেশুনে পরবর্তী অপারেশনের দিন ঠিক করবো। তবে সেটা অবশ্যই আগামী দুই সপ্তাহ পরে।’
মুক্তামনির এ অপারেশনকে তার সুস্থ হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন চিকিৎসকরা। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে ১৫/২০ জনের একটি চিকিৎসক দল মুক্তামনির আজকের অপারেশনে অংশ নেন।