রাজধানীতে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

সড়ক দুর্ঘটনারাজধানীর ফার্মগেইটে বিআরটিসি (ডাবল টাইগার) বাসের ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছেন।  তার নাম অহিদুর (২৮)। বুধবার (১১ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

বাচ্চু মিয়া জানান, ঢামেকে বিকাল পৌনে ৩টায় তিনি মারা যান।

উদ্ধারকারী নিরব জানান, অহিদুর পেশায় পিকাপ চালক। তিনি পিকাপটি মেরামতের কাজ শেষে তেজগাঁও রেলওয়ে বস্তির বাসায় যাচ্ছিলেন। পথে  ফার্মগেইট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় একটি বিআরটিসি বাস পেছন থেকে ধাক্কা দেয়। তখন তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।