রাষ্ট্রপতির নাম ভাঙাচ্ছেন জাককানইবি উপাচার্য!

বঙ্গভবনজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভারপ্রাপ্ত উপাচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নাম ভাঙিয়ে সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে উপাচার্য অধ্যাপক শামসুর রহমানের দুর্নীতি নিয়ে সংবাদ প্রচারিত হয়। এতে বলা হয়, উপাচার্য নিজেকে রাষ্ট্রপতির ভাগ্নে পরিচয় দিয়েছেন।

বিষয়টি নজরে আসায় রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে সুবিধা নেওয়ার বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতির সচিব। রবিবার (১৫ অক্টোবর) সরকারি তথ্য বিবরণীতে এই সতর্কবার্তা জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়,‘ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসুর রহমানের দুর্নীতির বিষয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রতিবেদনটি রাষ্ট্রপতির কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিবেদনের একাংশে অধ্যাপক শামসুর রহমান প্রসঙ্গে বলা হয়, ভারপ্রাপ্ত উপাচার্য নিজেকে রাষ্ট্রপতির ভাগ্নে পরিচয় দিয়েছেন। এখানে উল্লেখ্য অধ্যাপক শামসুর রহমান রাষ্ট্রপতির কোনও আত্মীয় নন।’

এতে আরও বলা হয়, ‘এছাড়াও ইদানীং লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার অপচেষ্টা করছেন।’

কেউ রাষ্ট্রপতির পরিবারের সদস্য পরিচয় দিলে বিষয়টি নিশ্চিত হতে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, টেলিফোন নম্বর: ০২-৯৫৬৬২৩৩ অথবা রাষ্ট্রপতির প্রেস সচিব, টেলিফোন নম্বর: ০২-৯৫৬৬৫৯৪ বরাবর যোগাযোগের জন্য অনুরোধও করা হয়েছে।