রাত ৮টার পর টিএসসিতে থাকা সংগঠনের রুমগুলো বন্ধের নির্দেশ

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অবস্থিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাত ৮টার মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রয়োজন হলে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে রাত ১১টা পর্যন্ত তারা রুমগুলো খোলা রাখতে পারবে।

টিএসসি-এর পরিচালক মহিউজ্জামান চৌধুরী ময়না স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

টিএসসি-এর পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসায়ী, এ নোটিশ দেওয়া হয়েছে। এ আদেশ শুধু টিএসসিতে থাকা বিভিন্ন সংগঠনের রুম ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য কার্যক্রমে কোনও নিষেধাজ্ঞা নেই।’

তিনি আরও বলেন, ‘শুধু শিক্ষার্থীদের একটি ডিসিপ্লিনে অানার জন্যই নোটিশটা দেওয়া হয়েছে। কোনও সংগঠনের কার্যক্রম বন্ধ করার জন্য নয়।’ 

টিএসসি’র বিভিন্ন সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়, ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অবস্থিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে আদিষ্ট হয়ে জানাচ্ছি যে,  বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে আপনাদের নিজ নিজ সব ধরনের অফিসের কার্যক্রম সকাল ৯টা হতে রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাত্রি ১১টা পর্যন্ত শিথিল করা যেতে পারে।’