কওমি স্বীকৃতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জমিয়তুল উলামা’র

জমিয়তুল উলামাকওমি স্বীকৃতি বাস্তবায়ন নিয়ে যাতে কোনও ধরনের ষড়যন্ত্র না হয় সেজন্য দেশের সব আলেম-উলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা। রবিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মালিবাগে বাংলাদেশ জমিয়তুল উলামার দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুর রহিম কাসেমী এ আহ্বান জানান।
জমিয়তুল উলামার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুর রহিম কাসেমী বলেন, কওমি শিক্ষাসনদের সিলেবাস তৈরি থেকে শুরু করে সব কাজই আলেম-উলামাদের করা উচিত। অন্যথায় কওমি শিক্ষায় হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হতে পারে। কওমি মাদ্রাসার শিক্ষাসনদের স্বীকৃতি বাস্তবায়নের বিষয় মাজারপূজারীদের হাতে ছেড়ে দিলে দেওবন্দী এই শিক্ষাধারা ধ্বংস হবে।’
তিনি আরও বলেন, ‘কওমি শিক্ষাধারা সম্পর্কে অজ্ঞ লোকেরা এ শিক্ষা ব্যবস্থাকে কেবল ধ্বংসই করতে পারবে। বাজপাখির নখ কাটার মতোই কওমি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করবে মাজারপূজারীরা।’
প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুনসহ প্রমুখ।