১৫৫টি প্রি-পেইড মাস্টার কার্ডসহ মিঠুন আহমেদ হৃদয় (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১। মঙ্গলবার রাতে উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতের বরাত দিয়ে র্যাব কর্মকর্তারা জানান, হৃদয় প্রথমে ভুয়া নাম-ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের অন্যান্য সহযোগীদের মাধ্যমে অনলাইনে প্রি-পেইড মাস্টারকার্ড তৈরির জন্য আবেদন করতো। কার্ড হাতে পাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন জনের কাছে এসব বিক্রি করতো। ক্রেতারা এই কার্ড দিয়ে বিদেশ থেকে অর্জিত অর্থ নির্দিষ্ট কার্ডের অ্যাকাউন্টে ডলারে পাঠায়। যার বিপরীতে নগদ দেশীয় মুদ্রা সুনির্দিষ্ট ব্যক্তিকে দেশে দিয়ে দেওয়া হতো। এক্ষেত্রে সরকার রেমিটেন্স বঞ্চিত হচ্ছিল।
র্যাবের এক কর্মকর্তা জানান, ইন্টারনেটভিত্তিক মাস্টারকার্ডের মাধ্যমে দেশীয় অর্থ ডলারে রূপান্তরিত হয়ে কার্ডের মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছিল। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার পর গ্রেফতারের চেষ্টা চলছে।